চৌগাছায় ভুয়া ডিজিএফআই সদস্য আটক

0
আটক হাফিজ উল্লাহ(২৩)। ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয় দানকারী হাফিজ উল্লাহকে (২৩) স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক ব্যক্তি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা কলেজপাড়ার ইদ্রিস আলীর ছেলে।

রোববার দুপুরে চৌগাছা কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজার সংলগ্ন বালির গর্তের পাশে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হাফিজ উল্লাহ প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ঘুরে বেড়াতো। তার হাতে আড়াই শ ব্যক্তি ক্রসফায়ারে গেছে এমন ধরনের নানা কথা বলে তিনি মানুষকে ভয় দেখাতেন।

রোববার দুপুরে তিনি ঘটনাস্থলের দোকানে এসে অনুরপ ভাবে নিজের পরিচয় দিতে থাকেন। এ সময় এক ব্যক্তি কৌশলে ছবি তুলে সেটি থানায় পাঠান এবং বিস্তারিত বলেন।

পুলিশ তাকে দোকানে বসিয়ে রাখতে বলেন। পরে পুলিশ উপস্থিত হয়ে তার পরিচয় জানতে চাইলে তিনি কালীগঞ্জ উপজেলায় বাসা বলে জানান। একই সাথে তার এমন পরিচয় দেওয়া ঠিক হয়নি বলে ভুল স্বীকার করেন। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় বাসিন্দা শাকিল হোসেন, জাফর ইকবাল বলেন, তিনি প্রায়ই এই এলাকাতে আসেন এবং নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দেন। ঘটনাস্থলে উপস্থিত থানার এসআই আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে উল্লিখিত দোকানে এসে জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে এসেছি।

থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার কথার সাথে কিছু গরমিল আছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।