জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখল, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধে স্থানীয় থানা পুলিশের অসহযোগিতার অভিযোগও করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কলেজছাত্রী জান্নাতুন নাহার মোহনা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়ার প্রত্যক্ষ সহযোগিতা ও মদদে বারবাকপুর এলাকার নাজমুল আকরাম রকি এবং তাঁর সহযোগীরা তাঁদের পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা করছেন।

এ ঘটনায় তাঁদের পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হামলার পর পরিবারের সদস্যদের কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে জানান মোহনা।

তিনি বলেন, বারবাকপুর মৌজার ৩১৮ নম্বর খতিয়ানের ৩১২৭ নম্বর দাগভুক্ত জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১৩০/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত নিষেধাজ্ঞাও জারি করেছেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে নাজমুল আকরাম রকি, তাঁর স্ত্রী তুলি বেগমসহ কয়েকজন ব্যক্তি গত ২৪ এপ্রিল, ১০ মে এবং জুলাই মাসের বিভিন্ন সময়ে ওই জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যান। বাধা দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

মোহনার দাবি, এ বিষয়ে ঝিকরগাছা থানায় এখন পর্যন্ত অন্তত আটটি লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ওসি গোলাম কিবরিয়া অভিযুক্তদের পক্ষ নিয়ে কাজ করছেন এবং পুলিশি সহায়তায় জমি দখলের সুযোগ করে দেওয়া হচ্ছে।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাজমুল আকরাম রকি ও ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে দাবি করে ওসি গোলাম কিবরিয়ার অপসারণ এবং নাজমুল আকরাম রকিসহ অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোহনার বাবা মোজাম্মেল হোসেন, মা নাছিমা বেগম, নানি মোমতাজ বেগম, চাচা বজলুর রহমান, খালু আমির হোসেন, ভাই মাহিম এবং চাচাতো ভাই জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।