খুলনার লবনচোরায় বিএনপি কর্মী গুলিতে নিহত
নিহত গাজী রফিক ও শোকাহত পরিবারের সদস্যরা-লোকসমাজ

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবনচোরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে গাজী রফিক ওরফে ‘ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ এলাকায় আনিসের দোকানের সামনে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবনচোরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায়। তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপি’র একজন কর্মী ছিলেন। তিনি বটিয়াঘাটা উপজেলার লবণচোরা থানাধীন কাজীপাড়া এলাকার রতন গাজীর ছেলে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, হামলাকারীদের পরিচয় ও মোটিভ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।