নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ঘরে-বাইরে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না।

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং নারী উন্নয়নে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাবেক সভাপতি হাবিবা শেফা, জয়তী সোসাইটি যশোরের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার কনা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি হামিদা বেগম, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, জয়তী সোসাইটির ম্যানেজার ফিরোজা খাতুন, হাজেরা খাতুনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সারাদেশের সকল শাখায় একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।