চৌগাছায় নেশার টাকা না পেয়ে কুরআন শরিফে আগুন মাদকাসক্তের

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় এক মাদকাসক্ত ও ভবঘুরে মায়ের সাথে ঝগড়া করে ঘরে থাকা কুরআন শরিফ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। আটক মাদকাসক্ত মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এই ঘটান ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ হোসেন আগে পেশায় একজন ট্রাকচালক ছিলেন। এই সময় তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। পরে ট্রাক চালকের পেশা পরিবর্তন করে ব্যাটারি চালিত ভ্যান কিনে নিজে এলাকায় চালাতে থাকেন। কিছুদিন পর সেই ভ্যানটিও বিক্রি করেন শুধু মাদক সেবনের কারণে। মাদকাসক্ত হওয়ার ফলে তার চলাফেলা অনেটাই অস্বাভাবিক হয়ে যায়। একসময় ভবঘুরে জীবনযাপন করতে থাকেন।
বৃহস্পতিবার সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ঘরে থাকা কুরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন মাসুদ হোসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে।
ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এমনকি মায়ের গায়ে সে হাত দেয়। এ সময় তার মা বলেন, আল্লাহ তোর এমন আচরণ সহ্য করবে না। এমন কথা বলা মাত্রই ঘরে থাকা কুরআন শরিফ বাইরে এনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে অসদাচরণ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।