চৌগাছার ধর্ষিত শিশুর শয্যাপাশে বিএনপির সহায়তা সেল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াচ্ছে দলটির সহায়তা সেল। এরই অংশ হিসেবে সোমবার চৌগাছায় ধর্ষিত শিশুটিকে দেখতে যশোর জেনারেল হাসপাতালে আসেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি শিশুটিকে দেখতে যান। ডা. রফিকুল ইসলাম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শিশুটির শয্যার পাশে দীর্ঘ সময় কাটান, তার চিকিৎসার খোঁজখবর নেন এবং শিশুটির মায়ের সাথে কথা বলেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার একটি খাম তুলে দেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. রফিকুল ইসলাম শিশুটির আইনি, আর্থিকসহ সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা সারাদেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দিচ্ছি। বিএনপির লিগ্যাল এইড ও চিকিৎসা সেল ভুক্তভোগীদের ন্যায়বিচার ও সহায়তা নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করছে।’

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত জানান, ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতারা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এবং বর্তমানে দল থেকে তার চিকিৎসা, আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিএনপি নেতারা শুরু থেকেই আমার মেয়ের পাশে ছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধর্ষকের ফাঁসি দাবি করছি।’

গত ১১ জুন চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়।

এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে ডা. রফিকুল ইসলাম হাসপাতাল কনফারেন্স রুমে ড্যাব সমর্থিত চিকিৎসকদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন।