চৌগাছায় দুই বিদ্যালয়ে হনুমানের আক্রমণ, পাঁচ শিক্ষার্থীসহ আহত ৬

0

চৌগাছা(যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় দুইটি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শিক্ষার্থী ও একজন অভিভাবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হনুমান আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার উপজেলার বেড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্ষুধার্ত হনুমানের আক্রমণে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রমণে একজন অভিভাবক আহত হয়েছেন।
উপজেলার বেড়গোবিন্দপুর সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা জানান, রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশ শুরু হওয়ার আগে একটি হনুমান বিদ্যালয়ের প্রবেশ মুখে এসে দাঁড়ায় । এ সময় বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে ১২ জন শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে সেটি। এতে পাঁচজন আহত হয়। আহতদের চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎস্যা দেয়া হয়েছে।
আহতরা হল বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আরা (১০), সোহানা আফরিন (১১), নুসরাত ফারিয়া (১১), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শ্রাবনী আক্তার (৯) ও তৌহিদুল ইসলাম (১০)। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী -অভিভাবকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চৌগাছা মডেল সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতরা সবাই সুস্থ আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে চৌগাছা কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক জাহিদা বেগমের ওপর আক্রমণ করে তাকে গুরুতর আহত করে হনুমানটি। জাহিদা বেগম সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। জাহিদা বেগম চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের শমসের আলীর স্ত্রী।
এছাড়া চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একটি হনুমান নিয়মিত শিক্ষার্থীদের বিরক্ত করছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। তিনি বলেন, প্রতিদিন শিক্ষার্থী সমাবেশের সময় একটি হনুমান বিদ্যালয়ে প্রবেশ করে কার্যক্রম ব্যাহত করছে। এই হনুমানটি কয়েকজন পথচারির ওপর আক্রমণ করেছে বলে তিনি জানান।
উপজেলা পশুস¤পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণত হনুমান মানুষের ওপর আক্রমণ করেনা। উপযুক্ত বাসস্থান ও খাদ্যের অভাবে লোকালয়ে প্রবেশ করেছে। খাদ্যের সন্ধানে লোকজন দেখে এগিয়ে যাচ্ছে এসব দলছুট হনুমান। খাদ্য না পেয়ে তারা মানুষের ওপরে হামলা করতে পারে।