চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি পিতার আত্মহত্যা

0
চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি পিতার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে বাড়ির সামনে একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত হানেফ আলী মণ্ডলের ছেলে। তিনি নিজ ছেলে তরিকুল ইসলামকে (৩৪) হত্যার মামলার আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি সকালে দোকান খুলতে দেরি হওয়াকে কেন্দ্র করে রবিউল ইসলাম তার ছেলে তরিকুল ইসলামকে কোদাল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত তরিকুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন রবিউল ইসলামের ভাই আসাদুল ইসলাম চৌগাছা থানায় হত্যা মামলা করেন। মামলার তিন মাস পর রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। তিনি প্রায় দুই মাস কারাগারে থাকার পর গত আগস্টে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ রবিউল ইসলামের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউলের ভাইয়ের ছেলে সাহেব আলী জানান, জামিনে বাড়ি ফেরার পর রবিউল অনেকটা একাকী হয়ে পড়েছিলেন। কয়েক দিন দোকান খোলার পর আর নিয়মিত দোকানে যেতেন না। স্বজনদের সঙ্গেও আগের মতো যোগাযোগ রাখতেন না। একপর্যায়ে তার আচরণেও পরিবর্তন লক্ষ্য করেন তারা।

স্বজনদের ধারণা, ছেলে হত্যা মামলায় কারাভোগ, মামলা নিয়ে মানসিক চাপ এবং পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে হতাশা থেকে রবিউল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন।