নওয়াপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে লুৎফর ডাকাতের ফাঁসির দাবিতে গর্জে উঠল বাগদাহবাসী

0
যশোরের অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লুৎফর শেখ আটক হয়েছে। অপরাধীর ফাঁসির দাবিতে অভয়নগর থানা, ইউএনও অফিস ঘেরাও ও নওয়াপাড়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্টাফ রির্পোটার (অভয়নগর যশোর):

ধর্ষণের চেষ্টায় আসামির ফাঁসির দাবিতে যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের শেখপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া এলাকার স্থানীয় বিভিন্ন স্থানে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ মজিদ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য প্রার্থী মোঃ ইমরান হোসেন গাজী, আঃ রশীদ মোল্লা, আমিনুর রহমান, তরিকুল ইসলাম গাজী, কামরুল ইসলাম সরদার, সাবিনা, মিরু, রুমা খাতুন এবং রজিনা প্রমুখ।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ও নেতৃবৃন্দ জানান, অভিযুক্ত অপরাধী লুৎফর রহমানের এহেন জঘন্য কর্মকাণ্ডে গোটা এলাকার মানুষ চরম ক্ষুব্ধ ও স্তম্ভিত হয়ে পড়েছেন। তারা একযোগে তীব্র দাবি জানিয়ে বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করতে হবে এবং এই দাবির সপক্ষেই আজকের বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শিত হচ্ছে।

জানা গেছে, গত রোববার সন্ধ্যার কিছু সময় আগে অভিযুক্ত লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাত স্থানীয় এক ৭ বছরের শিশুকে ধর্ষণ করে বা ধর্ষণের চেষ্টা চালায় বলে ঘটনা প্রকাশ পায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের প্রত্যক্ষ সহযোগিতায় অভয়নগর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত লুৎফর শেখকে আটক করে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নিয়ে আসে।

এরই ধারাবাহিকতায়, ঘটনার পরদিন অর্থাৎ ৬ অক্টোবর সোমবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভয়নগর থানা ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখেন। পরিশেষে একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন এবং সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে একদিনের ঘোষিত কর্মসূচি শেষ করেন।