চৌগাছায় গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নিহত, আহত ৫ গরু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নুর ইসলাম (৬৫) নিহত হয়েছেন, আহত হয়েছে ৫টি গরু। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা- ঝিকরগাছা সড়কের পলুয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত হারেজ আলী মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছার মনোহরপুর গ্রাম থেকে ৫টি গরু বোঝাই করে আলমসাধু চালক চৌগাছার পশুহাটের উদ্যেশে রওনা হন। পথিমধ্যে চৌগাছার খলশী বাজার সংলগ্ন পলুয়া মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি শিমুল গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান নুর ইসলাম।

আলমসাধুতে থাকা ৫টি গরু মারাত্মক আহত হয়। স্থানীয়রা এসে চালককে মৃত অবস্থায় এবং গরুগুলো আহত অবস্থায় উদ্ধার করেন।

পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আব্দুল কাদের বলেন, চৌগাছার পলুয়া মোড়ে ওই স্থানটি বেশ ঝুঁকিপূর্ণ যে কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির এএসআই লিয়াকত হোসেন জানান, আমরা খবর পেয়ে ছুটে আসি দুর্ঘটনাস্থলে।

মরদেহ উদ্ধার করে চৌগাছা হাসপাতালে পাঠিয়েছি এবং গরুগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এলাকার পরিস্থিতি শান্ত, যান চলাচল স্বাভাবিক আছে।