চৌগাছায় গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ধান বোঝাই গরুর গাড়ির ওপর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত কামাল খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
নিহতের বড়ভাই আব্দুল কাদের জানান, এ দিন দুপুরে গরুর গাড়ি নিয়ে নিজেদের ক্ষেত থেকে ধান বাড়িতে আনছিলেন কামাল। প্রথম বার ধান বাড়িতে নামিয়ে দুইজন মিলে আবার ধান আনতে ক্ষেতে যান। ধান বোঝাই করে আনার সময় অসাবধানতার কারণে তিনি গাড়ির ওপর থেকে পড়ে যান। এ সময় গরুর গাড়ির একটি চাকা তার বুকের ওপর দিয়ে চলে গেলে তিনি পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কামাল হোসেনের এক মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।