চৌগাছায় এবার ভাইপোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন চাচা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ভাইপোর সংবাদ সম্মেলনের পর এবার চাচা সেই ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাইপো কামাল পারভেজ মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন বলে অভিযোগ করেন চাচা সামছুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। একই গ্রামের বাসিন্দা আমার ভাই সিরাজুল ইসলামের ছেলে বি এম কামাল পারভেজ। গ্রামের জায়গা জমি নিয়ে তার সাথে কিছুটা বিরোধ আছে, যা সে নিজে সৃষ্টি করেছে। সে নিজে একজন মামলাবাজ হিসেবে পরিচিত। আমাদের নিয়ে থানায় জিডি করা থেকে শুরু করে সংবাদ সম্মেলন এমনকি বিভিন্ন ব্যক্তির কাছে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে নানা কাল্পনিক কথা বলে সমাজে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।’ তিনি আরো বলেন, ‘কামাল পারভেজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, তার ছেলে মেয়েদের স্কুলে যেতে আমরা বাধা সৃষ্টি করছি, যা সম্পূর্ণ মিথ্যা। আমি একজন বৃদ্ধ মানুয, বয়স প্রায় ৭০ বছর। আমার ছেলে শাহিনুর রহমান একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। মূলত আমার দুই বোন আয়রন খাতুন ও ছায়রা খাতুনের কাছ থেকে ওয়ারেশ সূত্রে আমি ১৯৯৪ সালের ৬ জুন ও ১৯৯৪ সালের ৪ জুন দুটি দলিলমূলে ৩৩.৭৫ শতক ও ৪৬.২৫ শতক জমি ক্রয় করি। সেই জমি রেজিস্ট্রিমূলে হাজারের অংশ হিসেবে রেকর্ড করি। ভাইপো কামাল পারভেজ এখন আমার বোনদের ওই রেকর্ডিয় জমি তার নামে রেজিস্ট্রি করে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা ধরনের ফন্দি আটে। শুধু তাই না ২০১৭ সালের ৪ নভেম্বর ভাইপো কামাল পারভেজ আমার বোনদের নানা প্রলোভন দেখিয়ে তাদের জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র জাল করে জমি রেজিস্ট্রি করে নেয়। এ ঘটনা নিয়ে পরিবারের সকলেই তার ওপর চরম ক্ষুদ্ধ।’ সংবাদ সম্মেলনে এ সময় সামছুল আলমের ভাইপো মনিরুল ইসলাম ও ছেলে শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কামাল পারভেজের কাছে জানতে চাইলে তিনি চাচা সামছুল আলমের আনা সকল অভিযোগ অস্বীকার করেন।