চৌগাছায় ইচ্ছামতো খুলছে মাদ্রাসা কিন্ডারগার্টেনের মতো নিয়ন্ত্রণের দাবি

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় যথেচ্ছ মাদ্রাসা খোলা হচ্ছে। এ জন্য কোন অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। গত কয়েক বছরের ব্যবধানে যে পরিমাণ মাদ্রাসা গড়ে উঠেছে তার সঠিক কোন হিসেব নেই খোদ শিক্ষা অফিসে। এ অবস্থায় শিক্ষা কর্মকর্তাসহ সচেতন মহল মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে বেসরকারি কিন্ডারগার্টেন মতো মাদ্রার প্রতিষ্ঠায়ও নিয়মনীতির প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন।
কুরআন হাদিসের শিক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রায় দুই দশক আগে চৌগাছায় বেশ কিছু হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা গড়ে ওঠে। সমাজের বিত্তবান ও স্বস্ব এলাকার দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় চলে আসছে এই মাদ্রসা। কিন্তু গত ৪/৫ বছরের ব্যবধানে গোটা উপজেলায় বলাচলে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে হরেক রকম হৃদয়স্পর্শ করা নামকরণের মাদ্রসা। কেউ শুধু মহিলাদের জন্য করেছেন মাদ্রসা, কেউ করেছেন ছেলে মেয়ে উভয়ের জন্য মাদ্রাসা। এ সব প্রতিষ্ঠানের অধিকাংশতে নেই পরিচালনা পরিষদ, আছে শিক্ষক সংকট এমনকী স্বামী স্ত্রী মিলে দুজনের দায়িত্বেও চলছে মাদ্রসা এমন খবরও প্রচার হচ্ছে। কোমলমতি শিশুরা এই মাদ্রসাতে ভর্তি হয়ে কুরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু জেনারেল শিক্ষা কতটুকু পাচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। উপজেলায়র অধিকাংশ গ্রামেই এখন হাফেজিয়া মাদ্রসা। পৌর এলাকাতেও এর সংখ্য নেহাত কম নই বলে জানান এলাকাবাসী।
একাধিক অভিভাবক বলেন, মাদ্রসার হুজুররা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের কুরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার নানা মাসেলা দিয়ে আসছেন। তাদের কথায় হৃদয় জুড়িয়ে যায়। শিশুদের যখন ভর্তির জন্য মাদ্রসায় নিয়ে যায় তখন কিছু বই ও ভর্তি বাবদ গুণতে হচ্ছে ৮ শ হতে ১ হাজার টাকা, আর মাসিক বেতন ৬শ টাকা। এতো টাকা দিয়ে সন্তানকে শিক্ষা দেওয়া তো আমাদের মত গরিবের পক্ষে অসম্ভব। এর চেয়ে মসজিদভিত্তিক যে কুরআন হাদিস শিক্ষা দেওয়া হতো সেটিই তো ভাল ছিল।
চৌগাছা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ বলেন, যেহেতু মাদ্রসাগুলো ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা তাই অভিভাবকদের কাছ থেকে তাদের তো বেতন নিতে হবে, তা না হলে চলবে কি করে। তবে সকলের জন্য সহনশীল পর্যায়ে বেতন গ্রহণ করা উচিত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চৌগাছায় কি পরিমাণ হাফেজিয়া, কওমিসহ বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে তার সঠিক হিসেব নেই। বে-সরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো সরকার যে ভাবে নিয়ন্ত্রণ শুরু করেছে, মাদ্রসাগুলোও করা উচিত। তাহলে সকলের কাছেই এর একটি হিসেব থাকবে এবং একটি নিয়মনীতির মধ্যে তখন চলতে পারবে।