চৌগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সেলিম আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাদড়া গ্রাম হতে সন্ত্রাসী সেলিম রেজাকে (৩৮) আটক করে যৌথ বাহিনী। আটক সেলিম রেজা ওই গ্রামের শামছুর রহমানের ছেলে। অভিযানে পিস্তল, গুলি, ম্যাগজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভাদড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী সেলিম রেজাকে নিজ বাড়ি হতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দেশি পিস্তল ১টি, তাজা বুলেট ২ রাউন্ড, ম্যাগজিন একটি, ধারালো অস্ত্র ৬টি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আটককৃতকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী সেলিমকে অস্ত্রসহ আটক হয়। এ সময় তার কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হওয়ার পাশাপাশি বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে একাধিক সূত্র বলছে, সন্ত্রাসী সেলিম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছে। সে গত উপজেলা পরিষদ নির্বাচনের কিছু দিন আগে দেশে আসে এবং বেপরোয়া হয়ে ওঠে। উপজেলা পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজার পক্ষে নির্বাচনে অংশ নেয়। গত তিন মাসে সে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।