চৌগাছায় অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগার ও হাজী আব্দুল জলিল স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছার মুক্তারপুর গ্রামে অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগার ও হাজী আব্দুল জলিল স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পাঠাগার ও স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। মুক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সময় তিনি বলেন, আমি যে স্থানে এসেছি সেই স্থানটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজোড়িত স্থান। এই স্কুল মাঠেই ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন। দিয়েছিলেন মুক্তির বার্তা। আমি গর্বিত এখানে আসতে পেরে। তিনি বলেন উন্নত ও সমৃদ্ধ চিন্তা করতে হলে আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যন্ত গ্রামের মধ্যে অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারটি একটি দৃষ্টান্ত। তিনি বলেন পাঠাগারের সাথে স্বাস্থ্য কেন্দ্রটিও প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ব্যক্তি পর্যায়ে পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা সাহসী উদ্যোগ।
অনুষ্ঠানে অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক ও সাবেক সচিব মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান ড. এম. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, পৌর মেয়র নূূর উদ্দিন আল মামুন হিমেল, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকী, শহীদ মসিউর রহমানের ভ্রাতুষ্পুত্র প্রবীণ আওয়ামীলীগ নেতা আলী কদর মোঃ সামছুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী, ডাক্তার ইমদাদুল হক প্রমূখ। অনুষ্ঠানে এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, জাফর আলী, আব্দুল গণি, আব্দুস সালাম, আলাউদ্দিন ও তাহাজ্জেল হেসেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, ধুলিয়ানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মমিনুর রহমান, অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের সভাপতি আসাদুজ্জামান, সদস্য সচিব সাকিব ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।