যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের ৩৩টি রাজস্ব পদ সৃষ্টি

0
ছবি: লোকসমাজ।

বি এম আসাদ ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে রাজস্ব খাতে ৩৩টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ২০টি স্থায়ী ক্যাডার পদ এবং ১৩টি পর্যায়ক্রমে আউটসোসিং ভিত্তিতে নিয়োগ হবে।

সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অনুমোদন শেষে জনবল নিয়োগ শুরু হবে। ইউনিটটি চালু হলে এটি হবে বৃহত্তর যশোর অঞ্চলের হৃদরোগীদের জন্য নিরাপদ চিকিৎসার অন্যতম নির্ভরযোগ্য কেন্দ্র।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত ৩৩টি পদের মধ্যে ২০টি ক্যাডার পদে রয়েছে-সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ১টি, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ১টি, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ২টি, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ১টি, সহকারী রেজিস্টার ২টি, অ্যানেস্থেটিস্ট ১টি এবং মেডিকেল অফিসার ১২টি।

অন্যদিকে, আউটসোর্সিং প্রক্রিয়ায় বছর বছর সংরক্ষণের ভিত্তিতে পূরণযোগ্য ১৩টি পদ হলো-নার্সিং সুপারভাইজার ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১টি, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) ১টি, কম্পিউটার অপারেটর ২টি, পরিসংখ্যান কর্মকর্তা ১টি, স্টোর কিপার ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, টিকিট ক্লার্ক ১টি এবং রিসেপশনিস্ট/অভ্যর্থনাকারী ১টি।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, জনবল নিয়োগের ফাইলটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে দ্রুত অনুমোদন পাওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

সিসিইউ কার্যক্রম চালু হলে এ অঞ্চলের কার্ডিয়াক রোগীদের আর কষ্ট করে এবং বাড়তি অর্থ খরচ করে ঢাকা বা খুলনায় ছুটতে হবে না। তারা যশোর বসেই হাতের নাগালে আধুনিক চিকিৎসা ও এনজিওগ্রাম সেবা পাবেন।

বিএনপি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একান্ত প্রচেষ্টায় বন্ধপ্রায় এ ইউনিটটি পুনরুজ্জীবিত হতে যাচ্ছে।