চৌগাছায় অন্তঃস্বত্ত্বা নারী করোনা আক্রান্ত, ১৮টি বাড়ি লকডাউন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় চারদিনের ব্যবধানে আরও এক করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চৌগাছা উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো তিনে। করোনায় আক্রান্ত ওই অন্তঃস্বত্ত্বা নারী চৌগাছার পাশাপোল ইউনিয়নের বানুড়হুদা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার ওই নারীর বাড়িসহ আশপাশের ১৮টি বাড়ি লকডাউন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বানুড়হুদা গ্রামের অন্তঃস্বত্তা ওই নারী নিয়মিত পরীক্ষার জন্য গত ২১ এপ্রিল চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে আসেন। হাসাপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে। পরদিন ২২ এপ্রিল ওই নারী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে যান। শনিবার রিপোর্ট আসে ওই নারী করোনায় আক্রান্ত। প্রশাসনের পক্ষ হতে এদিনই ওই নারীর বাড়িসহ আশপাশের ১৮টি বাড়ি লকডাউন ঘোষনা করে লাল পতাকা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘আমি বিষয়টি জানার পর ওই গ্রামে যাই এবং মহল্লাবাসীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলি।’ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ বলেন, ‘অন্তঃস্বত্বা ওই নারী নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে আসেন। তার শরীরের কিছু লক্ষণ দেখে আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠাই। শনিবার তার করোনা পজেটিভ আসে। এ ঘটনায় ওই নারীর বাড়িসহ মহল্লার ১৮টি বাড়ি লকডাউন করা হয়েছে।’ উল্লেখ্য, গত চারদিন আগে চৌগাছায় এক স্কুলছাত্রসহ দু’জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।