চোর সিন্ডিকেটের পাঁচ জনকে আটক করে ৫ মোটরসাইকেল উদ্ধার

0

লোকসমাজ ডেস্ক্। যশোরের গোয়েন্দা পুলিশ দুই দিন অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ জনকে আটক করেছে। যশোরের বিভিন্ন স্থান ও মাগুরা জেলা থেকে এ পাঁচ জনকে আটককালে ৫টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় জেলা গোয়েন্দা পুলিশের দফতরে এক সংবাদ সম্মেলনে উপর্যুক্ত তথ্য জানান ওসি রূপান কুমার সরকার।
আটক পাঁচ জন হচ্ছেন- যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মফিজুল মোল্লাৈর ছেলে রাকিবুল ইসলাম, মণিরামপুর উপজেলার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন, তারুয়াপাড়া গ্রামের শওকত আলীর ছেলে বোরহান হোসেন, সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বাদশা কসাইয়ের ছেলে হৃদয় ও ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আনছার আলী।
ওসি রূপান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ৩টার দিকে যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় রাকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে যশোর সদর, মণিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অভিযান পরিচালনা করে আরও পাঁচজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে আরও পাঁচটি মোটরসাইকেল ও জাল রেজিস্ট্রেশন সদন তৈরির সরঞ্জাম, ডিজিটাল নাম্বার প্লেট উদ্ধার করা হয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।