চেকের মামলায় পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

0
চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয় মর্মে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট।। ফাইল ছবি: সংগৃহীত

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় পুরোপুরি পরিশোধ এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে অভিযুক্তকে কারাগারে পাঠানো বা দণ্ড বহাল রাখা সমীচীন হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ে উচ্চ আদালত স্পষ্ট করে জানিয়েছেন, চেক ডিজঅনার সংক্রান্ত মামলার মূল লক্ষ্য কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া কিংবা কারাবন্দি রাখা নয়; বরং এই আইনের মূল উদ্দেশ্য হলো পাওনা টাকা আদায় নিশ্চিত করা।

এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর ‘মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলায় এ আদেশ প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, চেকের উল্লিখিত টাকা ও সংশ্লিষ্ট ব্যাংকের সমুদয় পাওনাদি পুরোপুরি পরিশোধের মাধ্যমে পক্ষদ্বয়ের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় হাইকোর্ট সাজাপ্রাপ্ত ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করেছেন। এর পাশাপাশি, আপিল আবেদনের পূর্বে অধস্তন আদালতে জমাকৃত ১৪ হাজার ১০০ টাকা বিবাদী প্রতিষ্ঠান ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেন আদালত।

উক্ত আপিল মামলার রায় ঘোষণাকালে আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে বিবাদী প্রতিষ্ঠান ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জিসান মাহমুদ ও আইনজীবী তাসনুভা কায়সার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি)।