চুয়াডাঙ্গায় ২ কেজি সোনাসহ আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি সোনার বার ও একটি লাল রঙের ইমা মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযানে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক মেইল বার্তায় সাংবাদিকদের জানান, ঠাকুরপুর গ্রাম ব্যবহার করে এখান থেকে ভারতে সোনা পাচার হবে এমন খবর পেয়ে তারই নির্দেশনায় ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৯০ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাগানের পাশে বটতলায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলেন। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট আছে বলে তিনি স্বীকার করে। ওই প্যাকেটির ভেতর থেতে ২.৩৩৫ কেজি ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়।