চুয়াডাঙ্গায় ১০টি সোনার বারসহ আটক ১

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ রিমন হোসেনকে (২৭) আটক করেছে বিজিবি।  সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বারাদী সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিমন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হবে, এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অবস্থান নিয়ে থাকে বিজিবির বারাদী বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন রিমনকে দাঁড় করাতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটকের পর তার দেহ তল্লাশি করে তার ব্যবহৃত জুতোর ভেতর থেকে টেপ মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রিমন তার জুতোর ভেতরে রাখা স্বর্ণের ব্যাপারে সদুত্তোর দিতে না পারায় সেগুলো জব্দ করা হয়। উদ্ধার ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করা হবে বলে তিনি জানান।