পাইকগাছায় প্রতিমন্ত্রী এমপি ও ওসির উপস্থিতিতেই ৫ জন পকেটমারের শিকার

0

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতেই ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ সভাপতি, দু-সাংবাদিক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পকেট মারের শিকার হয়েছেন। প্রতিমন্ত্রীর কপিলমুনি বধ্যভূমি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে পাইকগাছায় যাওয়ার পথে কপিলমুনির বধ্যভূমি পরিদর্শনে যান প্রতিমন্ত্রী কেএম খালিদ। তার সাথে ছিলেন খুলনা- ৬ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, ওসি জিয়াউর রহমান ও আওয়াীমলীগ নেতৃবৃন্দ। এ সময় তাদের সাথে থাকা লোকজনের মধ্যে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের পকেট থেকে ১২ হাজার টাকা , কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পকেট থেকে মোবাইল ফোন, সাংবাদিক তপন পালের পকেট থেকে ৫ হাজার টাকা, পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ চন্দ্র সাধুর পকেট থেকে মোবাইল ফোন ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি যুগোল কিশোরদের পকেট থেকে ১৮ শ টাকা পকেট মেরে নেয় বলে তারা জানান।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন, এব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিচ্ছে।