চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা : প্রতিষ্ঠান সিলগালা

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ডেন্টাল অপারেশন করার প্রয়োজনীয় ডিগ্রি না থাকায় চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটি।
চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত জাম্মি ডেন্টাল কেয়ারে রবিবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ কার্যকর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অপচিকিৎসা দেয়ার গোপন সংবাদের ভিত্তিতে জাম্মি ডেন্টাল কেয়ারে অবস্থান করে ডেন্টাল ক্লিনিকের মালিক চিকিৎসক পরিচয়দানকারী আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মির কাছে দাঁতের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। জাম্মি সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জাম্মি ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি তার ডেন্টাল ক্লিনিকে বিগত ৫-৬ বছর যাবত দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন।