চুয়াডাঙ্গায় ভারতে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি কুমিল্লার শেখ তাইসুখ ইসলামকে (২২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার একটি হত্যা মামলার আসামি।

গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা আদর্শ শহরের সদর উপজেলার মনোহরপুরের সোনালী ব্যাংক জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলাম ও আলেয়া বেগমের ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই তারেক জানান, সোমবার সকাল ৮টার দিকে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার জন্যে ওই যুবক তার এ-১৪৮১৩০৪০ নম্বর পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

কুমিল্লা কোতয়ালি থানার এফআইআর নং-৬৯। তারিখ ২৭ মে, ২০২৫। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি।