ভাঙ্গায় বিকল পিকআপে বাসের ধাক্কায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুন

0
ভাঙ্গায় বিকল পিকআপে বাসের ধাক্কা

লোকসমাজ ডেস্ক॥ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি বিকল পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় একটি পিকআপ ভ্যান বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।