চুয়াডাঙ্গায় বিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ উদ্ধার, কুপিয়ে হত্যার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার গহেরপুর গ্রামে কামরিয়া বিল সংলগ্ন এলাকায় বদর উদ্দিন (৫৪) নামের এক বিল পাহারাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মরহুম শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন। ভোরের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।