যশোরে অনলাইন প্রতারকের ফাঁদে কলেজছাত্রী, খোয়ালেন দেড় লাখ টাকা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ঘরে বসে আয় করার প্রলোভনে অনলাইন প্রতারক চক্রের ফাঁদে পড়ে প্রায় দেড় লাখ টাকা খুইয়েছেন যশোরের এক কলেজছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ভুক্তভোগী সদর উপজেলার চাঁচড়া এলাকার বাসিন্দা এবং যশোর সরকারি এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি যশোর আইটি পার্কের একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২১ মে সকালে ফেসবুকে একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মের ‘ঘরে বসে আয়’ সংক্রান্ত বিজ্ঞাপন দেখে আগ্রহী হন ওই ছাত্রী। বিজ্ঞাপনে দেওয়া লিংকে ক্লিক করলে প্রতারক চক্রের সঙ্গে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। পরে তাকে টেলিগ্রামে যোগাযোগ করতে বলা হয়।

টেলিগ্রামে যুক্ত হওয়ার পর বিভিন্ন অনলাইন কাজ এবং মোটা অঙ্কের কমিশনের লোভ দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে পর্যায়ক্রমে ১ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা হাতিয়ে নেয়। গত ৩ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি প্রতারকদের দেওয়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠান।

একপর্যায়ে প্রতারকরা দাবি করে, ভুল অঙ্ক উত্তোলনের কারণে তাকে আরও ৫৬ হাজার ৮১৩ টাকা জরিমানা দিতে হবে। এতে তার সন্দেহ হলে তিনি জমা দেওয়া টাকা ফেরত চান। তখন প্রতারকরা তাকে গালিগালাজ ও হুমকি দেয়।

ঘটনার পর বিষয়টি বুঝতে পেরে তিনি কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।