চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী দিবস পালিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করতে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্য ধারণ করে চুয়াডাঙ্গায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের আয়োজনে রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর.এম. ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।
চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. নুর আলম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উন্নয়নমূলক কাজের ওপর প্রেজেন্টেশন করা হয়। প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন, মিম্মা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীনসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
প্রধান অতিথি বলেন,আমাদের মানসিক পরিচর্যা দরকার। দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতা দূর করতে না পারলে উন্নয়নকে অর্থবহ করে তুলতে পারবো না। কাউকে পেছনে রেখে সামনে এগোনো যাবে না। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।