চুয়াডাঙ্গার ভারত সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি

0
চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় বিজিবির হাতে আটক হওয়া নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশী নাগরিক।। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা  সংবাদদাতা: চুয়াডাঙ্গার বারাদির ভারত সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (৩১ মে) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দিনমজুর বা অন্য কোনো কাজ করছিল। তবে সম্প্রতি ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এলে তারা সেখানে আতঙ্কে বা স্বইচ্ছায় পুনরায় এদেশে চলে আসে। আটককৃত এই ১০ জনের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বলে জানা গেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান আরও জানান, সীমান্তে সব ধরণের অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আর এই নজরদারির কারনেই অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাদের আটক করা সম্ভব হয়েছে।