চুয়াডাঙ্গায় দেশের প্রথম একই জমিতে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন

0
চুয়াডাঙ্গার উজলপুরে জিআইজেড ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একই জমিতে কৃষি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং সৌর সেচপাম্পকে জাতীয় গ্রিডের সাথে যুক্ত করার দেশের প্রথম সমন্বিত প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় দেশের একমাত্র একই জমিতে একই সাথে কৃষি কাজ এবং সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌর সেচপাম্প গ্রিডের সাথে সংযোগ সঞ্চালন ব্যবস্থার সাথে সমন্বয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এ প্রকল্পের উদ্বোধন করেন সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিভাগের পরিচালক (উপসচিব) ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, ইউরোপীয় ইউনিয়নের সবুজ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির পরিবেশ ও জ্বালানী বিষয়ক বাংলাদেশ প্রতিনিধিদলের ব্যবস্থাপক তানজিনা দিলশাদ, জিআইজেড বাংলাদেশের এনার্জি ক্লাস্টার কো-অর্ডিনেটর স্টায়ানক স্টিচ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডকল) ব্যবস্থাপনা পরিচালক এস.এম.মুনিরুল ইসলাম, কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঢাকা অফিসের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার (জ্বালানি) ক্রিস্টিন সিস এবং ঢাকায় জার্মান ফেডারেল রিপাবলিক দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিচ ক্লেপম্যান।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচ ব্যবস্থাকে আরও টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষি জমির উৎপাদনশীলতা বজায় রেখে একই স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌরচালিত সেচব্যবস্থার সমন্বয় এ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে স্থানীয় কৃষকদের সমন্বয়ে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আয়োজকদের মতে, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করবে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচ এবং কৃষি উৎপাদনকে একই ব্যবস্থার আওতায় এনে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে প্রকল্পটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সংস্থাটির উপনির্বাহী পরিচালক নাসিফা আলী অতিথিদের স্বাগত জানান । জিআইজেড, ওয়েভ ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়ন,কেএফডব্লিউ,আইডকল এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে উজলপুর গ্রামের বেদেপোতা মাঠের এই আয়োজনটি নবায়নযোগ্য জ্বালানি ও কৃষির সমন্বিত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।