চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০

0
চীনের শানসি প্রদেশে লিউশেনইউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে নামে শত শত কর্মী।। ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছয়টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী ঘটনাস্থলে পাঠিয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতেও সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।