চীনা মালিককে মেসেজ পাঠিয়ে ১ কোটি টাকা নিয়ে পালানো চালক গ্রেফতার, উদ্ধার ৯৭ লাখ টাকা

0
ছবি: লোকসমাজ।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ল্যাভেন্ডার গ্রুপ’-এর চেয়ারম্যান, এক চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে নগদ ১ কোটি টাকা চুরি করে পালানোর ঘটনায় মূল অভিযুক্ত চালক জাহিদ হাসান, তার স্ত্রী এবং এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯৭ লাখ টাকা, নতুন কেনা আসবাবপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন চালক জাহিদ হাসান, তার স্ত্রী নাসিমা আক্তার (২৪) এবং জাহিদের মামা ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ক্যাডেট ক্লাবের সামনে অবস্থানকালে ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য রাখা ব্যাগভর্তি ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান চালক জাহিদ। চুরির পর তিনি চীনা মালিকের মোবাইল ফোনে ইংরেজিতে একটি আবেগঘন খুদে বার্তা পাঠান।

বার্তায় তিনি লেখেন, “আমি দুঃখিত স্যার, আমাকে ভুলে যাবেন। আপনার গাড়িটি ‘লে ডি অর’ কফি শপের পার্কিংয়ে রেখে গেছি। আপনার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি; তবে পরিস্থিতি আমাকে এটি করতে বাধ্য করেছে। বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দেব। বিশ্বাস ভঙ্গ করার অনুশোচনায় আমি এখন কাঁদছি।”

এ ঘটনায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর গাজীপুর শিল্প পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসা থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাঁর মামা আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জাহিদের স্ত্রী নাসিমা আক্তারের বাসা থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করেন, চুরি করা টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা ইতোমধ্যে খরচ করেছেন। ওই অর্থ দিয়ে তিনি ঝিনাইদহে একটি নতুন বাসা ভাড়া নেন, ঘরের আসবাবপত্র কেনেন এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি স্মার্টফোন ক্রয় করেন। অভিযানের সময় পুলিশ এসব আসবাবপত্র ও ফোন জব্দ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন রোববার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং ৯৭ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের ও উদ্ধারকৃত অর্থ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি অর্থ উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।”