চাকুরিতে পুর্নবহল এবং কারামুক্তির দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ ২০০৯ সালের ‘বিডিআর বিদ্রোহে’র ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গতকাল যশোরে মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে চাকুরিতে পুর্নবহল এবং কারাগারের আটক বিডিআর সদস্যদের মুক্তির দাবি করা হয়। বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে বুধবার প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, পিলখানা হত্যাকান্ড ছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুদূর প্রাসারী এক নীল নকশার অংশ। দেশ প্রেমিক সেনাবাহিনী ও সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর বাহিনীর মেরুদন্ডকে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়। সেই ঘটনাকে তথাকথিত বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করে বিডিআর সদস্যদের চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। তাঁরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছেন।
বক্তারা বলেন, ‘আমরা বছরের পর বছর চরম দুর্দশায় দিন কাটাচ্ছি। পতিত স্বৈরাচার আমাদের পরিবারে তথাকথিত বিদ্রোহের ট্যাগ লাগিয়ে দেওয়ার কারণে সন্তানদের চাকুরি হয় না। গেল ৫ আগস্ট বিপ্লবের পর দেশ দ্বিতীয় মুক্তি পেলেও বিডিআর সদস্যদের পরিবার সেই স্বাদ গ্রহণ করতে পারেনি। যেই দিন চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি মিলবে, আমাদের চাকুরি পুনর্বহাল হবে সেদিনই আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাবো।’
বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামির হোসেন, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুল সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান, কারান্তরীণ মনিরামপুরের কাশিমনগরের শরিফুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার প্রমুখ।