চট্টগ্রামে সড়ক থেকে উদ্ধার হওয়া দুই শিশুর একজনের মৃত্যু

0
চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া দুই শিশু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট ভাইটির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী শিশুটি মারা যায়।

এর আগে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বারখাইন মাজারগেট এলাকা থেকে অযত্নে পড়ে থাকা অবস্থায় চার বছরের একটি মেয়ে ও দুই বছরের এই ছেলে শিশুটিকে উদ্ধার করেন এক অটোরিকশা চালক। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাদের হেফাজতে নেয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও এক সপ্তাহের মাথায় তার মৃত্যু হলো। অন্য শিশুটি বর্তমানে উদ্ধারকারী চালকের জিম্মায় রয়েছে।

পুলিশ জানায়, শিশুদের বাবা খোরশেদ আলমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ছয় মাস আগে তার স্ত্রী দুই সন্তানসহ ঘর ছাড়েন। আদালতের নির্দেশে মামলা হওয়ার পর খাগড়াছড়ির মানিকছড়ি থেকে পিতাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার দাদির কাছে হস্তান্তর করা হবে।