ঘাস কাটতে যাওয়া শিশু কন্যাকে ভুট্টা ক্ষেতে নিয়ে গলা কেটে হত্যা

0

জীবননগর(চুয়াডাঙ্গা)সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া বাজার মোড় মাঠে দিনে-দুপুরে মরিয়ম (৮) নামের এক কন্যা শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মাঠপাড়ার দিনমজুর ইকবাল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন(৮) তার দু ছোট বোনকে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে গোয়ালপাড়া বাজার মোড় মাঠে ঘাস কাটতে যায়। সেখানে অজ্ঞাত এক যুবক মরিয়ম খাতুনকে পাশের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে দু’বোন তাদের বড় বোনকে না পেয়ে বাড়িতে চলে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর
মরিয়মের গলা কাটা লাশ ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। নিহত মরিয়মের মেজ বোন আরজিনা খাতুন (৭) পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা মাঠে ঘাস কাটতে গেলে এক যুবক তাদেরকে বুধবারও একই সময় উত্ত্যক্ত করেছিল। সেই একই যুবককে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালপাড়া মাঠে দেখা যায়। ওই যুবক তার বোন মরিয়মকে জোর করে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এরপর তারা দু’জন বাড়িতে চলে যায়। প্রত্যক্ষদর্শী শিশু আরজিনা ওই যুবককে দেখলে চিনতে পারবে বলে জানায়।
সীমান্ত ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন,ঘটনাটি নির্মম ও লোমহর্ষক। ঘটনার সাথে জড়িত যেই হোক তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় মর্গে পাঠানো হয়।
জড়িতকে শনাক্ত করতে সব ধরনের পুলিশি তৎপরতা শুরু হয়েছে।