গাজী নজরুলের এমপি পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের পদক্ষেপ দেখে: স্পিকার

0
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।। ফাইল ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কী ধরনের আইনি ব্যবস্থা নেয়, তা পর্যবেক্ষণ করে তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কারের কারণে সংবিধানে তাঁর এমপি পদ হারানোর সরাসরি কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হলেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে।

সম্প্রতি ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গাজী নজরুল নতুন করে আলোচনায় আসেন। ওই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন। এই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, দল থেকে বহিষ্কার করলেই সংসদ সদস্য পদ শূন্য হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেবল নিজ থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হয়। আর ৬৬ অনুচ্ছেদ অনুসারে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সদস্য পদ অযোগ্য বলে গণ্য হয়। তাই পুলিশি তদন্ত ও আদালতের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হতে পারে, যেখানে কমিশন সিদ্ধান্ত নেবে।

এদিকে জামায়াতে ইসলামীর আপত্তির পর গাজী নজরুল ইসলামকে দুটি সংসদীয় কমিটি এবং পরবর্তীতে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি থেকেও বাদ দিয়ে পুনর্গঠন করা হয়েছে। এর আগে সংসদে বিষয়টি নিয়ে বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও স্পষ্ট করেছিলেন যে, দল বহিষ্কারের কারণে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হয় না।