গাছকে ভালো রাখলে আমরা ভালো থাকব : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এর আগে মেলা উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পরে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন নিচ্ছি, আর কার্বনডাইঅক্সাইড ছাড়ছি। গাছ ঠিক উল্টোটি করছে। আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক রয়েছে। আমরা যদি গাছকে ভালো রাখতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা শাহিন কবির, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধি ও একটি ফলদ বৃক্ষ রোপণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন ধরনের চারা নিয়ে ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব স্টলে চারা প্রদর্শন ও বিক্রয় চলবে। ১৭ জুলাই এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।