খেলার খবর

0

আবাহনীকে জিতিয়ে মুশফিক বললেন মোহামেডানের সাপোর্টার ছিলাম
স্পোর্টস ডেস্ক॥ পনেরো বছরের ক্লাব ক্যারিয়ারে মুশফিকুর রহিম প্রথমবার গায়ে জড়িয়েছেন আবাহনী লিমিটেডের জার্সি। ঢাকা প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকটাও দারুণ হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। রবিবার সেঞ্চুরি করে দলকে উপহার দিয়েছেন দারুণ এক জয়। হয়েছেন ম্যাচসেরা। তবে দলকে জিতিয়ে মুশফিক সাংবাদিকদের বলেছেন, এক সময় আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করার কথা। ক্রিকেট, ফুটবল কিংবা হকি। দেশের ক্লাব ক্রীড়া মানেই আবাহনী-মোহামেডান দ্বৈরথ। সময়ের পরিক্রমায় আধুনিক সময়ে সেই দ্বৈরথ, বিশেষ করে দর্শক উন্মাদনায় ভাটা পড়েছে বেশ খানিকটা। কিন্তু সাম্প্রতিক অতীতও বলে ভিন্ন কিছু।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের পর মুশফিক যেমন বলছিলেন, ‘আবাহনী-মোহামেডান…। স্বাভাবিক, আমরা অনেক গল্পও শুনেছি। যে টিমটা হেরে যেতো, কখনো সেই টিম সন্ধ্যা বা রাত হয়ে যেতো, কিন্তু বের হতে পারত না। এমন দর্শক সাপোর্টাররা আসতো।’ ‘সেই হিসেবে হয়তো আমাদের সে রকম সৌভাগ্য হয়নি। কারণ এখন আন্তর্জাতিক ম্যাচ এতো সহজভাবে আমাদের দর্শকরা দেখেন। তাদেরও হয়তো লিগের জন্য আলাদা সময় করা কঠিন হয়ে যায়।’ দর্শক উন্মাদনার সেই সময়টাতেই মুশফিক মোহামেডানের সাপোর্টার ছিলেন বলে অকপটে জানান, ‘আমি আসলে মোহামেডানের সাপোর্টারই ছিলাম।’
কিন্তু সেই মোহামেডানের সাপোর্টার মুশফিকের দুর্বলতা এখন আবাহনীর প্রতি, ‘কালেভদ্রে যখন দেখলাম, তারা (আবাহনী) টপ টিম, সেটা ফুটবল বলেন বা ক্রিকেটে। সব সময় তারা চ্যাম্পিয়ন দল গড়ে, সব সময় তারাই চ্যাম্পিয়ন হয়। ধীরে ধীরে আবাহনীর প্রতিই আমার দুর্বলতা।’ পেশাদার ক্রিকেটার হিসেবে হয়তো সব সময় নির্দিষ্ট কোনো ক্লাবের প্রতি দুর্বলতার কথা কেউ বলতে চান না। তবে এদিন সেঞ্চুরির পর মুশফিক হাসিমুখে মনের সব কথাই বলেন, ‘সাপোর্টার হিসেবে আপনি চাইবেন, এমন একটা দলকে সাপোর্ট করতে যারা চ্যাম্পিয়নশিপ বা জেতার ভেতরে থাকে।’ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে আবাহনী ৮১ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ম্যাচসেরা মুশফিক খেলেন ১২৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বাদশ সেঞ্চুরি পাওয়া মুশফিকের ১২৪ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কা।

মোহামেডানের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক॥ চলতি প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে চার গোল পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৪-১ গোলে জেতা মোহামেডানের অর্জন ছয় ম্যাচে ১২ পয়েন্ট। চতুর্থ হারের স্বাদ পাওয়া উত্তর বারিধারার পয়েন্ট ১, এক ম্যাচ কম খেলেছে তারা। তৃতীয় মিনিটে সুযোগ নষ্টের পর ২৪তম মিনিটে উত্তর বারিধারাকে আবারও হতাশ করেন লিওনার্দো ভিয়েরা লিমা। আরিফ হোসেনের আড়াআড়ি পাস পেয়ে গোলমুখে অরক্ষিত থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাইরে মারেন। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩১তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ডি-বক্সের জটলার ভেতর থেকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুমন রেজা। ৫২তম মিনিটে নয়ন মিয়ার কর্নারে মারুফ আহমেদ প্লেসিং শটে সমতায় ফেরান লিগে এখনও জয়হীন উত্তর বারিধারাকে। ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান। বাইলাইন থেকে সুলেমানে দিয়াবাতের ক্রসে হেডে জাল খুঁজে নেন আমির হাকিম বাপ্পী। চার মিনিট পর সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান মালির ফরোয়ার্ড দিয়াবাতে।দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিয়াবাতের পাস ধরে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে দেওয়ার পর গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জয় নিশ্চিত করেন ওবি মোনেকে।