খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়দের লাঠিপেটায় রোগীর তিন স্বজন আহত

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো ॥ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ওয়ার্ড বয় ও তাদের সহযোগীদের লাঠিপেটায় আহত হয়েছেন এক রোগীর স্বজনরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার হাসপাতালের দ্বিতীয় তলায়।

ভুক্তভোগী ও হাসপাতালের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলি গ্রামের ক্যান্সারে আক্রান্ত মরিয়ম খাতুনকে (৩৪) গত ১০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ওয়ার্ড বয় আল আমিন ও মো. মেহেদীর নেতৃত্বে ১০-১৫ জন ওই রোগীর স্বজনদের ওপর হামলা চালায়।

হামলাকারীদের লাঠির আঘাতে রোগীর স্বামী সোলায়মান শেখ, পিতা লোকমান শেখ, ভাই হাসান মাহমুদ এবং সোলায়মানের ১৩ বছরের শিশু কন্যা সাদিয়া আফরিন আহত হন। আহতদের খুমেক হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ হাসপাতালে ওয়ার্ড বয় ও তার সহযোগীদের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন অন্য রোগীর স্বজনরা। উপায় না পেয়ে তারা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ (ট্রিপল নাইন) কল করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পরে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে।

ভুক্তভোগী পরিবার অবিলম্বে অভিযুক্ত ওয়ার্ড বয় আল আমিন, মেহেদী ও তাদের সহযোগীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।