খুলনার ডুমুরিয়ায় চেতনানাশক স্প্রে করে ৩০লাখ টাকার মালামাল চুরি

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ ৩০লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কোমরাইল গ্রামের বুলবুল আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার কোমরাইল গ্রামের মৃত আঃ আজিজ সরদারের ছেলে বুলবুল আহম্মেদ রঘুনাথপুর বাজারের একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় বুলবুল আহম্মেদের স্ত্রী আসমাউল হুসনা (৪০) ও তার মেয়ে রাইতা (১৫) ঘরে টিভি দেখছিলেন। এমন সময় বাইরে থেকে জানালা দিয়ে ঘরের মধ্যে কে বা কারা স্প্রে করে, তখন তারা অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে বুলবুল ও তার ছেলে বাজার থেকে বাড়ির ও ঘরের গেইট খুলে ভেতরে প্রবেশ করেন। মা ও মেয়েকে ঘুমন্ত দেখে খাওয়া দাওয়া সেরে তারাও ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে জানালার গ্রীল কেটে বুলবুল আহম্মেদের রুমে দা লাঠি এবং শাবল নিয়ে দুর্বৃৃত্তরা প্রবেশ করে। এ সময় বুল বুলকে বেঁধে ফেলে এবং জিম্মি করে বাড়ির সকল চাবি নিয়ে নেয়। বুলবুল আহমেদ জানান, শাবল দা লাঠিসহ ৪জন ভেতরে প্রবেশ করে এবং কয়েকজন বাইরে অবস্থান করছিল। তারা আলমারিতে জমি বিক্রির ২০লাখ টাকা, ১০ ভরি স্বর্ণলংকার, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা চেতনানাশক স্প্রে করার কথা স্বীকার করে মেয়েকে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বাইরে থেবক তালাবদ্ধ করে চলে যায়। সকালে স্থানীয়রা তালা ভেঙে তাদের মুক্ত করে। এব্যাপারে ডুমুরিয়া থানা ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনাটি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ওই বাড়িতে চেতনানাশক স্প্রে করে টাকা পয়সা ও মালামাল নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।