খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

0
আহত আবু সুফিয়ান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে উপজেলার উমরপুর ঘাট এলাকায় আবু সুফিয়ান (২২) নামের ওই তরুণের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

আহত সুফিয়ানের পরিবারের অভিযোগ, এক কিশোরী স্বজনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা সুফিয়ানকে তুলে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে তাঁর দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সুফিয়ানের মা সুফিয়া বেগম আহাজারি করে বলেন, “আমার ছেলে হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়েছিল, তবুও তারা শোনেনি।”

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২-১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে আবদুর রাজ্জাক ও শাহ আলম নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাজ্জাক পেশায় মাদ্রাসা শিক্ষক। তবে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এজাহারভুক্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।