খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন

0

লোকসমাজ ডেস্ক॥ সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শর্ত অনুযায়ী, তাকে এই সময়ে নিজ বাসায় থাকতে হবে। তিনি বিদেশ যেতে পারবেন না। মঙ্গলবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান। আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বয়স ও মানবিক অবস্থা বিবেচনায় তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ে খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নেবেন। এর আগে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল তার পরিবার।
পরিবারের অন্য একটি সূত্র এবং সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, পরিবারের চিঠিতে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। তার মধ্যে গত ১১মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০০৮ সালে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ মামলা দায়ের হয়। দশ বছর পর ২০১৮ সালের ফেব্র“য়ারিতে মামলার রায়ে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। তবে পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বোন সেলিমা ইসলাম। মঙ্গলবার (২৪ মার্চ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থাগিত করার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়ে সেলিমা ইসলাম বলেন, এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন। আর কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। অপরদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির খবরে সন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ খবরে করোনা পরিস্থিতি বিবেচনায় জমায়েত হয়ে কিছু না করা এবং চেয়ারপারসনের বাসায় ফেরার সময় জড়ো না হতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ সতর্কতা দেন। তিনি বলেন, চেয়ারপারসনের মুক্তির খবর আমরা শুনেছি; সন্তোষ প্রকাশ করছি। স্থায়ী কমিটির নেতারা বসবেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত মুক্তি সংক্রান্ত কাগজপত্র পাইনি। পেলে দলের অবস্থান জানানো হবে।