খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

0
ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন ও তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। একই সাথে তাঁর সম্মানে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, রাষ্ট্রীয় শোক চলাকালীন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিনের অসুস্থতা ও বার্ধক্যজনিত জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশের এক প্রভাবশালী রাজনৈতিক নক্ষত্রের প্রয়াণে সরকারের এই ঘোষণা জাতীয় পর্যায়ে তাঁর গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।