খাজুরা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

0

খাজুরা (যশোর)সংবাদদাতা॥ ডিমের মূল্য নিয়ে কারসাজির অপরাধে যশোরের খাজুরা বাজারের দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সাপ্তাহিক হাটের দিন পশুহাট মোড় ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তার অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসলিম। এ সময় ক্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা তামান্না তাসলিম জানান, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাজুরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ডিমের মূল্য নিয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আওয়াল স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স শরিফ স্টোরকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অলিয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।