ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

0
এই রমজানে বিভিন্ন মসজিদে তারাবিহর নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে সমর্থকদের সেলফির আবদারও মেটান তিনি।। ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক অ্যাকাউন্ট

লোকসমাজ ডেস্ক ॥ নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে ভবিষ্যতে ব্যক্তিগত আক্রমণ ও ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের এই তরুণ নেতা। বুধবার (১৮ মার্চ ২০২৬) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই আত্মশুদ্ধির বার্তা দেন।

অতীতের ভুল ও বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এখন থেকে শান্ত ও গঠনমূলক রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।। ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক অ্যাকাউন্ট

জুলাই বিপ্লবের অন্যতম এই সংগঠক ঢাকা-৮ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে তাঁর আক্রমণাত্মক বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছিল। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেন, ‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের কাছ থেকে সুন্দর দিক-নির্দেশনা পেয়েছি। আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।’

পবিত্র রমজান মাসের এই সময়ে নফল ইবাদত ও তারাবিহর মাধ্যমে এক আত্মিক যাত্রার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ বর্তমানে তিনি বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহর নামাজ পড়ছেন এবং গঠনমূলক রাজনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।