ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

0
২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আজ বৃহস্পতিবারের পর থেকেই বন্ধ হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে।

তবে সাধারণ ক্যালেন্ডারে ২৪ মে থেকে ছুটি নির্ধারিত থাকলেও শুক্র (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাসের পরেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে আগামী ৭ জুন (রবিবার)। ফলে সাপ্তাহিক ছুটিসহ সাধারণ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারছে।

অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীরা সাধারণ স্কুল-কলেজের চেয়ে আরও কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদরাসার বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে মূল ছুটির আগের দুই দিন (২২ ও ২৩ মে) এবং ছুটির শেষের দুই দিন (১২ ও ১৩ জুন) শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় মাদরাসা শিক্ষার্থীদের এই ছুটি আরও দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে মাদরাসার শিক্ষার্থীরা সর্বমোট ২৩ দিনের ছুটি পাচ্ছে।