কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না : বিভাগীয় কমিশনার

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশীশক্তি মোকাবিলা ও কোনো অপশক্তি যাতে নির্বাচন বিঘ্নিত না করতে পারে সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ করতে সম্ভব সব কিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনকানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের মানুষ বেশি আবেগপ্রবণ। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।