কোটচাঁদপুরে পানবরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে সালমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবার দাবি করছে। সালমা খাতুন একই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও হরিণাকুণ্ডু উপজেলার খলিষাকুণ্ডু গ্রামের হায়দার আলীর মেয়ে।
শুক্রবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের স্বামী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শাফাউর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের তাদের পান বরজে সালমার লাশটি পাওয়া যায়। তার গলায় গভীর কালো দাগ ও পাশেই একটি ঘাসনাশক বিষের বোতল পড়ে ছিল। নিহতের নাক ও মুখমন্ডলে ক্ষত ছিল। সালমাকে হত্যা করা হতে পারে বলে গ্রামবাসী ধারণা করছে।
নিহতের মা হালিমা খাতুন ও বোন নাজমা বেগম অভিযোগ করেন, স্বামী তরিকুল তাকে খুন করেছেন। এর আগে সালমাকে দা নিয়ে হত্যার জন্যে তাড়া করেছিলেন স্বামী। প্রায়ই তাকে নির্যাতন করা হতো বলে বোন নাজমা বেগম অভিযোগ করেন। কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও ওসি সৈয়দ আল মামুন খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি সৈয়দ আল মামুন শুক্রবার বিকেলে জানান, এ ঘটনায় নিহতের স্বামী তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হয়েছে। হত্যার উপযুক্ত তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।