কোটচাঁদপুরে এক নারীকে ফিরে পেতে দু যুবকের পাল্টা মামলা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নারীকে স্ত্রী দাবি করে পাল্টাপাল্টি মামলা করছেন দুই যুবক। উপজেলার কুশনা ইউনিয়নের কুশনা দেয়ারপাড়া গ্রামের মৃত গোলাম রসুলের মেয়ে সেলিনা খাতুন (২৪) কে নিয়ে এ দুই যুবকের লড়াই চলছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, খুলনা নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়া চলাকালীন সেলিনা একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া বিপ্লবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুবাদে লেখাপড়াসহ যাবতীয় খরচ দিতে থাকেন প্রেমিক বিপ্লব। এরই মধ্যে খুলনায় পড়াকালীন সেলিনা আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি বিপ্লব জানতে পেরে সেলিনাকে বিয়ের জন্য চাপ দিলে গত ১৪ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে সেলিনা খাতুনকে বিপ্লব বিয়ে করেন।
বিয়ের পর তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। বিরোধ মেটাতে পারিবারিক সালিশ বসে। পড়ালেখা বাবদ স্বামী বিপ্লবের খরচ করা টাকা ফেরৎ দেওয়ার শর্তে তাকে ডিভোর্স দিয়ে সেলিনা ফিরে যান খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের রফিকুল শেখের ছেলে অপর প্রেমিক এসএম ফয়সালের কাছে। সেখানে তারা দুই জন বিয়েও করেন। এদিকে বিপ্লব টাকা ফেরৎ না পেয়ে থানায় জিডি ও স্ত্রীকে ফেরৎ পেতে আদালতে মামলা করেন। শুরু হয় মামলার লড়াই। যে কোনো শর্তে স্ত্রীকে পেতে অনড় বিপ্লব।
অপরদিকে ফয়সাল ও সেলিনা ৪টি মামলা করেছেন বিপ্লবের বিরুদ্ধে। সেলিনার সাবেক স্বামী গোলাম কিবরিয়া বিপ্লব জানান, ‘আমার তো মান-সম্মান সব শেষ করে দিয়েছে। ৪টি মিথ্যা মামলা দিয়েছে। কয়েক লাখ টাকাও হাতিয়ে নিয়েছে। আমার আগের স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখন আমি অসহায়। এরপরও যদি সেলিনা ফিরে আসে তাহলে তাকে আমি গ্রহণ করতে রাজি আছি।’
সেলিনার বর্তমান স্বামী ফয়সাল জানান, ‘আমার পছন্দের মেয়েকে ব্লাকমেইল করে বিয়ে করে বিপ্লব। বিষয়টি আমি জানতে পেরে তার দেনা-পাওনা সব বুঝিয়ে দিয়ে সেলিনাকে আমার কাছে নিয়ে এসেছি। প্রতারণাসহ আমরা স্বামী-স্ত্রী মিলে বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছি। এখন বিচারে যা হয় তা মেনে নেব।’
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, এ বিষয়ে কোটচাঁদপুর থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।