কেশবপুরে রিভা ফুডকে লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রিভা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার কেশবপুর পৌর শহরের প্রধান সড়কের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত দত্ত, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-সদস্য ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।